দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যেন নিজ ঘরেই ফিরে এসেছেন রদ্রি। বহুল আলোচিত দলবদলের চুক্তি শেষ হয়েছে গতকাল মঙ্গলবার। ম্যানচেস্টার সিটি অধ্যায়ের ইতি টেনে বার্সেলোনায় যোগ দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক। জাতীয় দলের সতীর্থদের সঙ্গে একই ক্লাবে ফিরতে পেরে ‘ঘরোয়া পরিবেশের’ স্বস্তি পাচ্ছেন এই মিডফিল্ডার।
বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী রদ্রিকে দলে পেয়ে উচ্ছ্বাস লুকাননি বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকও। জার্মান কোচের বিশ্বাস, রদ্রি দলের মাঝমাঠের মান বদলে দিতে পারবেন এবং আগামী মৌসুমে তাঁর আগমন সতীর্থদের পারফরম্যান্সেও ইতিবাচক প্রভাব ফেলবে।
চুক্তি চূড়ান্ত হওয়ার ঘোষণার পর গতকাল বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে ১৬ নম্বর জার্সিতে দেখা গেছে রদ্রিকে। নিজের আশা-আকাঙ্ক্ষা ও লক্ষ্যও জানিয়েছেন স্প্যানিশ তারকা।
রদ্রির সামর্থ্যে মুগ্ধ ফ্লিক মনে করেন, একজন আদর্শ ডিফেন্সিভ মিডফিল্ডারের প্রয়োজনীয় প্রায় সব গুণই তাঁর মধ্যে রয়েছে। কাতালান সংবাদপত্র স্পোর্তকে ফ্লিক বলেন, রদ্রি সম্ভবত বিশ্বের সেরা ছয় নম্বর খেলোয়াড়। তাঁর মতে, রদ্রি খেলার গতি নিয়ন্ত্রণের পাশাপাশি রক্ষণেও দলকে দারুণভাবে সহায়তা করতে পারেন।
রদ্রির আক্রমণ গড়ে দেওয়া ও ম্যাচের ছন্দ নিয়ন্ত্রণের দক্ষতাও ফ্লিকের নজর কেড়েছে। বিশেষ করে ডুয়েল ও আকাশে বল দখলের ক্ষেত্রে তাঁর আধিপত্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বার্সা কোচ। ফ্লিক বলেন, আকাশে বল দখলের লড়াই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
রদ্রির প্রভাব শুধু মাঝমাঠেই সীমাবদ্ধ থাকবে না বলেও মনে করেন ফ্লিক। তাঁর বিশ্বাস, রদ্রির আগমন বার্সেলোনার প্রতিটি খেলোয়াড়ের উন্নতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
আজ বুধবার গাম্পার ট্রফির ম্যাচে নতুন সমর্থকদের সামনে রদ্রিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
স্পেন জাতীয় দলের অধিনায়ক রদ্রি ২০১৯-২০ মৌসুম থেকে পেপ গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটিতে খেলেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে সফল সময় কাটানোর পর এবার তিনি ফিরলেন স্প্যানিশ লা লিগায়। এর আগে ভিয়ারিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলেছেন এই মিডফিল্ডার। এবার বার্সেলোনার উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পে ফ্লিকের অধীনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।
এমএস/